প্রিন্ট এর তারিখ : ১১ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬
সিলেটে কৃষকের হাট উদ্বোধন: বাজার সিন্ডিকেট ভাঙার নতুন কৌশল
||
সিলেটের বাজারে স্বস্তি ফেরাতে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য চিরতরে বন্ধ করতে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। কৃষকের ঘাম ঝরানো ফসলের ন্যায্য দাম নিশ্চিত করতে এবং সাধারণ ভোক্তাদের সাশ্রয়ী মূল্যে নিরাপদ খাদ্যের জোগান দিতে সিলেটে প্রথমবারের মতো যাত্রা শুরু করেছে ‘কৃষকের হাট’।শনিবার সকালে নগরীর টিলাগড় পয়েন্ট সংলগ্ন এলাকায় এই নতুন উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, “বাজার কোনো সিন্ডিকেট বা অসাধু চক্রের হাতে জিম্মি থাকতে দেওয়া হবে না। বাজার ম্যানিপুলেশনের যে সংস্কৃতি বাংলাদেশে জেঁকে বসেছিল, সেই কালো স্মৃতি আমরা দেশ থেকে মুছে দেব। বর্তমান সরকারের মূল লক্ষ্যই হলো সাধারণ মানুষের নাগালের মধ্যে নিত্যপণ্যের দাম রাখা।”সিলেট জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত এই হাটের মূল স্লোগান হচ্ছে— ‘সরাসরি কৃষকের কাছ থেকে নিরাপদ ও তাজা পণ্য’। এই ব্যবস্থার ফলে প্রান্তিক কৃষকরা কোনো ফড়িয়া বা মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি তাদের উৎপাদিত পণ্য বিক্রির সুযোগ পাচ্ছেন। এতে একদিকে যেমন কৃষকদের লাভের হার বাড়বে, অন্যদিকে ভোক্তারাও বাজারমূল্যের চেয়ে অনেক কম দামে সতেজ ও বিষমুক্ত ফসল কিনতে পারবেন।সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।প্রতিদিন সকালে নির্ধারিত স্থানে এই হাটের কার্যক্রম চলবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই মডেল সারা দেশে ছড়িয়ে দেওয়া সম্ভব হলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে এটি একটি স্থায়ী সমাধান হয়ে দাঁড়াবে। পরি-কন্ঠ/মুয়াজ
সম্পাদক: ড. মোঃ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ