প্রিন্ট এর তারিখ : ০৯ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতাল করার প্রতিশ্রুতি দিলেন এমপি মান্নান
মোঃ মীমরাজ হোসেন, বিশেষ প্রতিনিধি ||
চিকিৎসাসেবায় গাফিলতি বরদাশত করা হবে না; ব্যক্তিগত অর্থায়নে হাসপাতালে জরুরি ওষুধ সরবরাহ করলেন সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে অচিরেই একটি আধুনিক ও আদর্শ মডেল হাসপাতালে পরিণত করা হবে। এই জনপদের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে কোনো ধরনের অবহেলা বা ত্রুটি সহ্য করা হবে না। বুধবার (৮ এপ্রিল) দুপুরে ব্যক্তিগত অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি ওষুধ প্রদানকালে তিনি এসব কথা বলেন।অত্যন্ত আবেগঘন কণ্ঠে এমপি মান্নান তাঁর ব্যক্তিগত জীবনের এক বেদনার স্মৃতি স্মরণ করে বলেন, 'বিগত সময়ে এই হাসপাতালের নাজুক অবস্থার কারণে আমার আপন ভাই সঠিক চিকিৎসা না পেয়ে মৃত্যুবরণ করেছেন। সেই কষ্ট আমি এখনো বয়ে বেড়াচ্ছি। আমি চাই না সোনারগাঁয়ের আর কোনো পরিবার এমন স্বজন হারানোর ব্যথায় ব্যথিত হোক।' রোগীদের সুবিধার্থে জরুরি ওষুধের সংকটের কথা জানতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে ব্যক্তিগত উদ্যোগে ওষুধ নিয়ে হাজির হন এবং ভবিষ্যতে যেন এমন সংকট না হয়, তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।সংসদ সদস্য আরও উল্লেখ করেন, সোনারগাঁয়ের মানুষকে যেন উন্নত চিকিৎসার জন্য বারবার ঢাকা ছুটতে না হয়, সেজন্য এই হাসপাতালকে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন সেবা কেন্দ্রে রূপান্তর করা হবে। চিকিৎসক ও নার্সদের উদ্দেশ্যে তিনি কঠোর বার্তা দিয়ে বলেন, সেবার মানসিকতা নিয়ে রোগীদের পাশে দাঁড়াতে হবে; দায়িত্ব পালনে যেকোনো প্রকার অবহেলা কঠোরভাবে দমন করা হবে। ইতোমধ্যে হাসপাতালের পুরোনো ভবন সংস্কার, আধুনিক যন্ত্রপাতির সংযোজন এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরে সুপারিশ পাঠানো হয়েছে বলে তিনি জানান।ওষুধ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুমাইয়া ইয়াকুব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌরসভা বিএনপির সভাপতি হাজী শাহজাহান মিয়া এবং সাধারণ সম্পাদক মোতালেব মিয়াসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।পরি-কন্ঠ/মুয়াজ
সম্পাদক: ড. মোঃ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ