প্রিন্ট এর তারিখ : ০৬ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬
সোনারগাঁয়ে নারী নির্যাতন: ৭ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা
ইমরান হোসাইন , স্টাফ রিপোর্টার ||
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এক নারী ও তার মেয়েকে নিয়ে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। মামলায় একই গ্রামের সাতজনকে আসামি করা হয়েছে।মামলার বাদী জেসমিন (৪৩), স্বামী শহিদুল্লাহ, উপজেলার কাঁচপুর ইউনিয়নের বড় চেঙ্গাইন দায়েরপাড়া গ্রামের বাসিন্দা। অভিযোগে তিনি জানান, আসামিদের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক বিরোধ চলছিল। এরই জের ধরে গত ১১ ফেব্রুয়ারি সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে তার মেয়ে (ছদ্মনাম পপি) বাড়িতে একা থাকাকালে স্থানীয় রাব্বি ও তার সহযোগী সিফাত জোরপূর্বক শ্লীলতাহানি ও নির্যাতন চালায়।মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন রাব্বি (২৩), সিফাত (২২), ফজলুল হক (৫০)সহ আরও কয়েকজন, যারা সবাই একই এলাকার বাসিন্দা।বাদীর অভিযোগে আরও বলা হয়, আসামিরা প্রভাবশালী ও সংঘবদ্ধ হয়ে দীর্ঘদিন ধরে তাদের পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। ঘটনার দিন তারা বাড়িতে প্রবেশ করে ভুক্তভোগীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং ভয়ভীতি প্রদর্শন করে।এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত) এর ৯(৪)/৩০ ধারায় মামলা দায়ের করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো সময় অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কা রয়েছে।এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই নবী হোসেন জানান, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক: ড. মোঃ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ