প্রিন্ট এর তারিখ : ০৪ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬
নিবিড় পর্যবেক্ষণ শেষে কেবিনে মির্জা আব্বাস
অনলাইন ডেস্ক ||
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দীর্ঘ ১৯ দিন নিবিড় পর্যবেক্ষণে থাকার পর অবশেষে কেবিনে স্থানান্তর করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। শুক্রবার বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মির্জা আব্বাসের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। শুক্রবার সকালেই তাকে হাসপাতালের নিউরো ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) থেকে কেবিনে নেওয়া হয়েছে। ডা. রফিকুল ইসলাম আরও জানান, মির্জা আব্বাসের সহধর্মিনী আফরোজা আব্বাসের সঙ্গে তার কথা হয়েছে। চিকিৎসকরা এখন কেবিনেই তাকে উন্নত ফিজিওথেরাপি দেবেন। যেহেতু তার মস্তিষ্কে একটি জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে, তাই চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানেই তার পরবর্তী চিকিৎসা কার্যক্রম চলবে। বিএনপি নেতার দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। উল্লেখ্য, গত ১১ মার্চ রাজধানীর শাহজাহানপুরের বাসায় ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষার পর বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ মার্চ তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।
সম্পাদক: ড. মোঃ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ