প্রিন্ট এর তারিখ : ০৪ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬
বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা ও অফিসের সময়সূচি
অনলাইন ডেস্ক ||
ঢাকা: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে উদ্ভূত বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে এক সমন্বিত কর্মকৌশল গ্রহণ করেছে সরকার। এই পরিকল্পনার আওতায় প্রতিদিন প্রায় ৩ হাজার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার চতুর্থ বৈঠকে এ পরিকল্পনা উপস্থাপন করা হয়। বৈঠকে মধ্যপ্রাচ্যের সংঘাতের ফলে জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুৎ খাতে সম্ভাব্য প্রভাব এবং তা মোকাবিলায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি অর্থায়ন কৌশল পর্যালোচনা করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি কৃষি জমিতে সেচ সুবিধা প্রদান, সারের উৎপাদন নিশ্চিতকরণ এবং শিল্পখাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সংকট মোকাবিলায় আগামী তিন মাস দেশব্যাপী সব ধরনের আলোকসজ্জা পরিহার করার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে সরকারি ও বেসরকারি অফিসের সময় সকাল ৯টা থেকে বিকাল ৪টা এবং ব্যাংকিং সেবার সময় সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। জরুরি সেবা ব্যতীত সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান ও বিপণিবিতান প্রতিদিন সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এই নির্দেশনা বাস্তবায়নে দেশজুড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সম্পাদক: ড. মোঃ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ