প্রিন্ট এর তারিখ : ০২ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬
পঞ্চবটিতে বিশাল আকৃতি বিলবোর্ড ভেঙে লন্ডভন্ড দোকানপাট
ইমরান হোসাইন , স্টাফ রিপোর্টার ||
নারায়ণগঞ্জের ফতুল্লায় ঘুর্ণিঝড়ে সরকারী জায়গার উপরে স্থাপিত বিশাল আকৃতির বিজ্ঞাপন বিলবোর্ড ভেঙে নিচে পড়ে। হতাহতের ঘটনা না ঘটলেও বেশ কয়েকটি দোকানপাট ভেঙে গিয়ে ব্যাপক ক্ষতিসাধিত হয়েছে। বিলবোর্ডটি ভেঙ্গে যাওয়ার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।বুধবার (১ এপ্রিল) রাতে ফতুল্লার পঞ্চবটি মোড়ে এসএস প্লাজার সামনে দুর্ঘটনা ঘটে। সংবাদ পেয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) এসএম ফয়েজ উদ্দিন তাৎক্ষনিক পদক্ষেপ গ্রহণ করেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার রাতে ঘুর্ণিঝড়ে পঞ্চবটিতে অবস্থিত এসএস প্লাজার সামনে সরকারি জায়গার উপরে স্থাপিত বিশাল আকৃতি বিজ্ঞাপন বিলবোর্ডটি ভেঙ্গে নিচে পড়ে যায়। এসময় বিদ্যুৎ এর তার ছিড়ে ফুটপাতে থাকা দোকানের উপরে পড়ে যায়। কয়েকটি দোকানপাট ভেঙে ব্যাপক ক্ষতিসাধিত হয়। তবে ফুটপাতে থাকা ফলের দোকান গুলো এবং বৃষ্টিতে দোকানে আশ্রয় নেয়া লোকজন রক্ষা পেয়েছে। কনকর্ড টাওয়ার মালিক পক্ষের ইমরানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিলবোর্ডটি দ্রুত সময়ের মধ্যে সরিয়ে আনা হবে।পঞ্চবটির এসএস প্লাজার মালিকপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা কেউ মুখ খুলতে রাজি হয়নি।বিসিক ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হালিম জানান, স্টীলের বিলবোর্ডটি নিচের অংশের জোড়ায় দুর্বল থাকায় ঘুর্ণিঝড়ে ভেঙে যায়। বিলবোর্ড মালিকপক্ষকে দ্রুত সময়ের মধ্যে সরিয়ে নিতে বলা হয়েছে। তবে বৈদ্যুতিক তার থাকায় বড় ধরনের হতাহতের হাত থেকে রক্ষা পেয়েছে। নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) এসএম ফয়েজ উদ্দিন জানান, ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষনিক ব্যবস্থা নিতে ফায়ার সার্ভিসকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আর দ্রুত সময়ের মধ্যে বিলবোর্ডটি সরিয়ে নিতে বলা হয়েছে।
সম্পাদক: ড. মোঃ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ