প্রিন্ট এর তারিখ : ২৮ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬
৪০ দিনের ছুটি শেষে রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান
অনলাইন ডেস্ক ||
পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে টানা প্রায় ৪০ দিনের ছুটি শেষে দেশের প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী রোববার (২৯ মার্চ) থেকে খুলছে।সংশোধিত বার্ষিক ছুটির সূচি অনুযায়ী, গত ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই ছুটি ২৬ মার্চ শেষ হয়। তবে পরবর্তী দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় রোববার থেকেই আনুষ্ঠানিকভাবে শ্রেণি কার্যক্রম শুরু হবে।এদিকে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের বিশ্ববিদ্যালয়গুলোও আগেই ছুটিতে যায়। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অধিকাংশ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানেও একই দিন থেকে ক্লাস ও একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হচ্ছে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা হয়েছিল।দীর্ঘ ছুটির কারণে সৃষ্ট শিখন ঘাটতি পূরণে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী, ছুটি শেষে টানা ১০টি শনিবার দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা থাকবে এবং সেদিনও পাঠদান কার্যক্রম চলবে।এছাড়া চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।দীর্ঘ বিরতির পর আবারও শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে উঠবে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো—এমনটাই প্রত্যাশা করছেন শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টরা।পরি-কন্ঠ/মুয়াজ
সম্পাদক: ড. মোঃ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ