প্রিন্ট এর তারিখ : ২৮ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬
যশোরে চলন্ত বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা
পিজুস কুমার, স্টাফ রিপোর্টার ||
যশোর সদর উপজেলায় যান্ত্রিক ত্রুটির কারণে চলন্ত একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যাওয়ায় বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো গেছে।শুক্রবার (২৭ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে যশোর-নড়াইল জাতীয় মহাসড়কের ফতেপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ‘নড়াইল এক্সপ্রেস’ পরিবহনের একটি বাস অর্ধশতাধিক যাত্রী নিয়ে যশোর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে ফতেপুর এলাকায় পৌঁছালে হঠাৎ বাসটির ইঞ্জিনে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে এবং বাসটি বিকট শব্দে থেমে যায়।এ সময় বাসে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে দ্রুত দরজা ও জানালা দিয়ে নেমে প্রাণ বাঁচান। কয়েক মিনিটের মধ্যেই বাসটি দাউ দাউ করে জ্বলতে থাকে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।এ ঘটনায় কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে বাসটিকে আগুনে জ্বলতে দেখা যায়।এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, বাসটি ছাড়ার আগে চালক ইঞ্জিনে ত্রুটির বিষয়টি মালিকপক্ষকে জানিয়েছিলেন। তবুও সেটি চলাচল করায় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সম্পাদক: ড. মোঃ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ