নারায়ণগঞ্জ সোনারগাঁও ইউনাইটেড ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিব। এতে সভাপতিত্ব করেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত। অনুষ্ঠানের উদ্বোধন করেন সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আতাউর রহমান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রাসেদুল ইসলাম, সোনারগাঁও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নিজাম উদ্দিন এবং উপজেলা যুবদলের নেতা মো. রাকিব হাসান।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মো. হোসাইন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের শিক্ষা, সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমে বিশেষ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন এবং নিজেদের প্রতিভা বিকাশে উৎসাহিত করা হয়।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, পাশাপাশি নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। এ ক্ষেত্রে শিক্ষকদের পাশাপাশি অভিভাবক ও সমাজের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে বিদ্যালয়ের এ ধরনের আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।