দেশের কারাগারগুলোতে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি বন্দি রাখা হচ্ছে। প্রথমবারের মতো দেশের ৭৫টি কারাগারে মোট বন্দির সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। প্রতি ১০০ জন বন্দির জন্য নির্ধারিত জায়গায় এখন থাকছেন ২৪৫ জন। কারাগারগুলোর সম্মিলিত ধারণক্ষমতার চেয়ে ৬৫ হাজার ৩৪৬ জন বেশি বন্দি থাকায় পরিস্থিতি দিন দিন ভয়াবহ ও অসহনীয় হয়ে উঠছে।
বিপুলসংখ্যক বন্দির শোয়া, ঘুমানো কিংবা স্বাভাবিকভাবে শ্বাস নেওয়ার মতো পর্যাপ্ত জায়গাও নেই। কোনো কোনো কারাগারে বন্দিদের মেঝেতে ঘুমাতে হচ্ছে, আবার কোথাও গাদাগাদি করে রাত কাটাতে হচ্ছে। অস্বাস্থ্যকর ও অস্বস্তিকর পরিবেশে কাটছে তাদের দিন-রাত। এর পাশাপাশি সংক্রামক রোগসহ নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি ক্রমেই বাড়ছে।
নতুন বন্দিদের অব্যাহত আগমনে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রতিদিন গড়ে দুই হাজার ১০০ জনের বেশি নতুন বন্দি কারাগারে প্রবেশ করছেন। বিপরীতে জামিনে মুক্তি পাচ্ছেন তুলনামূলক কমসংখ্যক বন্দি। মোট বন্দির মধ্যে শুধু মাদকসংক্রান্ত মামলায় আটক রয়েছেন ২২ হাজার ৯৩৫ জন।
কারাগারের বর্তমান পরিস্থিতি: বিপুলসংখ্যক বন্দির স্বাস্থ্যসেবার অবস্থা আরও উদ্বেগজনক। দেশের ৭৫টি কারাগারে স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) মাত্র দুজন চিকিৎসক প্রেষণে কর্মরত রয়েছেন। ফলে কারাগারের ভেতরে কোনো বন্দি অসুস্থ হলে চিকিৎসাসেবা পাওয়া অনেকের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জরুরি রোগী পরিবহনের ব্যবস্থার অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। দেশের ৫৩টি কারাগারে একটিও অ্যাম্বুলেন্স নেই। কারা অধিদপ্তরের দেওয়া তথ্য, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য এবং মানবাধিকারকর্মীদের সঙ্গে আলোচনায় দেশের কারাগারব্যবস্থার এই উদ্বেগজনক চিত্র উঠে এসেছে।
ধারণক্ষমতার প্রায় আড়াই গুণ বন্দি : কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে ১৫টি কেন্দ্রীয় কারাগার এবং ৬০টি জেলা কারাগার রয়েছে। ৭৫টি কারাগারের মোট ধারণক্ষমতা ৪৫ হাজার ১৮৬ জন।
কিন্তু বর্তমানে এসব কারাগারে বন্দি রয়েছেন এক লাখ ১০ হাজার ৫৩২ জন। তাঁদের মধ্যে পুরুষ এক লাখ ছয় হাজার ৫২৭ জন এবং নারী চার হাজার পাঁচজন। অর্থাৎ কারাগারগুলোর নির্ধারিত ধারণক্ষমতার চেয়ে ৬৫ হাজার ৩৪৬ জন বেশি বন্দি রয়েছেন।
কারাবিধিতে কী বলা আছে? : কারাবিধি অনুযায়ী, প্রত্যেক বন্দির জন্য ন্যূনতম ছয় ফুট দৈর্ঘ্য ও ছয় ফুট প্রস্থের জায়গা থাকার কথা। তবে অতিরিক্ত বন্দির কারণে অনেক কারাগারেই এই নিয়ম মানা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এক কারারক্ষী বলেন, কারাবিধিতে একটি কারাগারে কতজন বন্দি রাখা যাবে, তা নির্ধারিত থাকলেও বাস্তবে কয়েক গুণ বেশি বন্দিকে সেখানে রাখতে হচ্ছে। তিনি বলেন, “প্রত্যেক বন্দির জন্য পর্যাপ্ত ব্যক্তিগত জায়গা প্রয়োজন। কিন্তু আমাদেরও কারারক্ষীর সংকট রয়েছে। ফলে বন্দিদের ব্যবস্থাপনা ও শৃঙ্খলা বজায় রাখতে হিমশিম খেতে হয়। কখনো কখনো সামান্য বিষয় নিয়ে বন্দিদের মধ্যে মারামারি বা বিরোধ সৃষ্টি হলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে।”
প্রতিদিন ৩০০ জন করে বাড়ছে বন্দির সংখ্যা : কারাগারের ওপর চাপ কমার পরিবর্তে প্রতিদিনই বাড়ছে। কারা অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, প্রতিদিন গড়ে দুই হাজার ১০০ জনের বেশি নতুন বন্দি কারাগারে প্রবেশ করছেন। একই সময়ে জামিনে মুক্তি পাচ্ছেন প্রায় এক হাজার ৮০০ জন।
ফলে প্রতিদিন গড়ে ৩০০ জন করে বন্দির সংখ্যা বাড়ছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশঙ্কা, এভাবে বন্দির সংখ্যা বাড়তে থাকলে বিদ্যমান অবকাঠামো দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া ক্রমেই কঠিন হয়ে পড়বে। কারা কর্মকর্তাদের মতে, বিশেষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান, গ্রেপ্তার বৃদ্ধি এবং বিচারিক কার্যক্রম দীর্ঘায়িত হওয়ার সঙ্গে বন্দির সংখ্যা বাড়ার সম্পর্ক রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গণ-অভ্যুত্থান দমনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলাগুলোতেও গ্রেপ্তার বেড়েছে।
চিকিৎসক সংকটে রাতে জরুরি চিকিৎসাসেবা ব্যাহত : কারাগারব্যবস্থার অন্যতম উদ্বেগজনক সমস্যা চিকিৎসাসেবার ঘাটতি। দেশের ৭৫টি কারাগারে চিকিৎসকের অনুমোদিত পদ রয়েছে ১৬২টি। কিন্তু বর্তমানে স্বাস্থ্য অধিদপ্তরের মাত্র দুজন চিকিৎসক প্রেষণে কর্মরত রয়েছেন। এ ছাড়া ৯৭ জন চিকিৎসককে সাময়িকভাবে বিভিন্ন কারাগারে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন কার্যালয় থেকে এসে প্রতিদিন মাত্র এক থেকে দুই ঘণ্টা বহির্বিভাগে চিকিৎসাসেবা দিয়ে চলে যান। পরপর বিভিন্ন সরকারের আমলেও পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। কারা অধিদপ্তরের উপমহাপরিদর্শক (স্বাস্থ্য) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আখতার হাবিব দেওয়ান বলেন, “কারাগারে সবচেয়ে বেশি চিকিৎসকের প্রয়োজন হয় সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত। দিনের বেলায় বন্দিরা কারাগারের ভেতরে চলাফেরা করতে পারেন। কিন্তু সন্ধ্যায় তাঁদের সেলে আটকে রাখার পর কেউ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক চিকিৎসার প্রয়োজন হয়। দুর্ভাগ্যজনকভাবে, ওই সময় কারাগারে কোনো চিকিৎসক থাকেন না। ফলে জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে।”
গণমাধ্যমকে তিনি বলেন, সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত চিকিৎসকের উপস্থিতি বিশেষভাবে প্রয়োজন। দিনের বেলায় বন্দিরা কারাগারের ভেতরে চলাফেরা করতে পারেন। কিন্তু সন্ধ্যায় সেলে আটকে রাখার পর কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত চিকিৎসা দেওয়া জরুরি। ওই সময় সাধারণত চিকিৎসক না থাকায় জরুরি চিকিৎসাসেবা দেওয়া কঠিন হয়ে পড়ে। চিকিৎসকের সংকট নিরসনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরে একাধিক চিঠি পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
পাঁচ বছরে ১,৪১৩ বন্দির মৃত্যু : কারা অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত দেশের বিভিন্ন কারাগারে মোট এক হাজার ৪১৩ জন বন্দির মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৩০০ জনকে কারাগার থেকে বাইরের হাসপাতালে নেওয়ার পথে বা হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়েছে। কারা অধিদপ্তরের উপমহাপরিদর্শক (স্বাস্থ্য) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আখতার হাবিব জানান, অনেক ক্ষেত্রে দীর্ঘ দূরত্ব ও যানজটের কারণে বন্দিদের সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব হয় না। উদাহরণ দিয়ে তিনি বলেন, “কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দূরত্ব প্রায় ৪৮ কিলোমিটার। বুড়িগঙ্গা সেতু ও হানিফ ফ্লাইওভার হয়ে যানজটপূর্ণ এই পথে ব্যস্ত সময়ে যেতে দুই থেকে আড়াই ঘণ্টা লেগে যেতে পারে। জরুরি অবস্থায় এত দীর্ঘ যাত্রা রোগীর জীবনকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলতে পারে।” আরেকটি বড় উদ্বেগের বিষয় হলো, দেশের ৭৫টি কারাগারের মধ্যে ৫৩টিতেই কোনো অ্যাম্বুলেন্স নেই। বন্দিদের হাসপাতালে নেওয়ার জন্য কারা কর্তৃপক্ষকে ডাবল কেবিন পিকআপ, সাধারণ ভ্যান, রিকশা কিংবা সিএনজিচালিত অটোরিকশার ওপর নির্ভর করতে হয়। কোনো কোনো ক্ষেত্রে জরুরি রোগী পরিবহনের জন্য স্থানীয় অটোরিকশা ভাড়া করতে হয়। এই সংকট মোকাবিলায় ৪৪টি অ্যাম্বুলেন্স কেনার জন্য একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে কারা অধিদপ্তর।
মাদক মামলায় আটক প্রায় ২৩ হাজার বন্দি : কারাগারে বন্দির সংখ্যা বৃদ্ধির পেছনে মাদকসংক্রান্ত মামলার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। বর্তমানে মাদকসংক্রান্ত মামলায় আটক রয়েছেন ২২ হাজার ৯৩৫ জন। মোট বন্দির প্রায় ২০ দশমিক ৭৫ শতাংশই মাদক মামলার আসামি। এ ছাড়া দেশের বিভিন্ন কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি রয়েছেন দুই হাজার ৪৬৮ জন এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি রয়েছেন ছয় হাজার ৫৯১ জন। কারা সদর দপ্তরের একাধিক কর্মকর্তা জানান, এসব বন্দির ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করতে কারা কর্তৃপক্ষকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়।
ঢাকা ও চট্টগ্রামে অতিরিক্ত বন্দির চাপ সবচেয়ে বেশি: অঞ্চলভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের কারাগারগুলোতে বন্দির চাপ সবচেয়ে বেশি। ঢাকা বিভাগ-১ অঞ্চলে বন্দির সংখ্যা ২২ হাজার ৫২০ জন এবং ঢাকা বিভাগ-২ অঞ্চলে ১৯ হাজার ৫৩৭ জন। দুই অঞ্চল মিলিয়ে বন্দির সংখ্যা ৪২ হাজারের বেশি।
অন্যান্য অঞ্চলে বন্দির সংখ্যা হলো: চট্টগ্রামে ২১ হাজার ২৮৫ জন, রাজশাহীতে ১২ হাজার ৪৪৫ জন, খুলনায় ১০ হাজার ৩৮৭ জন, রংপুরে ৭ হাজার ৪৭৩ জন, ময়মনসিংহে ৫ হাজার ৪৪৫ জন, সিলেটে ৪ হাজার ৬২৪ জন এবং বরিশালে ৪ হাজার ২৩৭ জন।
চট্টগ্রাম বিভাগের কারাগারগুলোতে নির্ধারিত ধারণক্ষমতার প্রায় তিন গুণ বন্দি রাখা হচ্ছে। চট্টগ্রাম বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ সগীর মিয়া বলেন, “চট্টগ্রাম বিভাগের কারাগারগুলোতে ধারণক্ষমতার প্রায় তিন গুণ বন্দি রয়েছেন। নির্দিষ্ট একটি দিনের হিসাব অনুযায়ী, আমাদের বন্দির সংখ্যা ২২ হাজারের বেশি। অথচ কারাগারগুলোর মোট ধারণক্ষমতা মাত্র সাত হাজার ৭৭৫ জন।” ঢাকা বিভাগ-২-এর কারা উপমহাপরিদর্শক মোহাম্মদ কামাল হোসেন বলেন, বন্দির সংখ্যা বাড়লেও খাদ্য সরবরাহে কোনো সংকট নেই।
তিনি বলেন, “বন্দির সংখ্যা বিবেচনায় নিয়ে আমরা আগাম ১০ থেকে ৩০-৪০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত খাদ্য বরাদ্দের ব্যবস্থা করি। প্রকৃত চাহিদা অনুযায়ী খাদ্য সংগ্রহ ও সরবরাহ করা হয়।” তিনি আরও জানান, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর ভেতরে ছয়তলা ভবন নির্মাণ, নারীদের জন্য পৃথক কারাগার নির্মাণ এবং কিশোরগঞ্জ কারাগার-২-এর ভবন সম্প্রসারণসহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
এ ছাড়া অবকাঠামোগত সুযোগ থাকলে বিদ্যমান কারাগারের ভবনগুলো ওপরের দিকে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। যেমন, প্রয়োজন ও জায়গার প্রাপ্যতা অনুযায়ী বর্তমানে দুইতলা ভবনগুলো ছয়তলা পর্যন্ত সম্প্রসারণ করা হতে পারে। তিনি বলেন, নতুন কারাগার নির্মাণের পাশাপাশি বিদ্যমান কারাগারগুলোর ধারণক্ষমতা বাড়ানোর উদ্যোগও নেওয়া হচ্ছে। তবে কয়েকজন কারারক্ষী জানিয়েছেন, সমস্যা শুধু খাবার ও আবাসনের মধ্যে সীমাবদ্ধ নয়। অতিরিক্ত বন্দির কারণে স্বাস্থ্যসেবা, স্যানিটেশন, নিরাপত্তা এবং মানবিক জীবনযাপনের পরিবেশ নিশ্চিত করাও দিন দিন কঠিন হয়ে পড়ছে। রাজশাহী বিভাগের কারা উপমহাপরিদর্শক আল মামুন বিভাগটির কারাগারগুলোতে চিকিৎসক সংকটের বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, “বিভাগের সব কারাগারেই চিকিৎসকের সংকট রয়েছে। তবে সীমিত সম্পদের মধ্যেই আমরা বন্দিদের চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করছি। এ ক্ষেত্রে মেডিকেল কলেজগুলোর সহযোগিতা নেওয়া হচ্ছে।” তিনি আরও জানান, রাজশাহী বিভাগের কারাগারগুলোর বিষয়ে একটি প্রস্তাব ইতিমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং সেটি বর্তমানে বিবেচনাধীন রয়েছে।
জঙ্গল সলিমপুরে ছয় হাজার বন্দির ধারণক্ষমতার কারাগার নির্মাণের পরিকল্পনা : বন্দির সংখ্যা বৃদ্ধি মোকাবিলায় নতুন কারাগার নির্মাণ এবং বিদ্যমান কারাগার সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
দেশের প্রতিটি মহানগরে একটি করে মেট্রোপলিটন কারাগার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। কয়েকটি স্থানে নির্মাণকাজ শেষ হয়েছে, আবার কোথাও কাজ চলছে। পাশাপাশি পুরোনো কারাগারগুলোও পুনর্র্নিমাণ করা হচ্ছে। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে নতুন কারাগার নির্মাণের প্রস্তাবিত স্থানও পরিদর্শন করা হয়েছে।
কারা মহাপরিদর্শক (আইজি প্রিজনস) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আনোয়ারুল কবির গণমাধ্যমকে বলেন, “দেশের প্রতিটি মহানগরে একটি করে মেট্রোপলিটন কারাগার স্থাপনের সিদ্ধান্ত রয়েছে। কয়েকটি স্থানে নির্মাণকাজ শেষ হয়েছে, আবার কোথাও কাজ চলছে। একই সঙ্গে পুরোনো কারাগারগুলো পুনর্র্নিমাণ করা হচ্ছে। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে কারাগার নির্মাণের প্রস্তাবিত স্থানও পরিদর্শন করা হয়েছে।” চট্টগ্রাম বিভাগের কারা উপমহাপরিদর্শক মোহাম্মদ সগীর মিয়া জানান, জঙ্গল সলিমপুরে ছয় হাজার বন্দির ধারণক্ষমতাসম্পন্ন একটি কারাগার নির্মাণের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, কারাগারটিতে তিন শ্রেণির বন্দির জন্য পৃথক আবাসনের ব্যবস্থা থাকবে। এর মধ্যে মাদক মামলার আসামিদের জন্য দুই হাজার, বিচারাধীন বন্দিদের জন্য দুই হাজার এবং সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য দুই হাজার আসন রাখার পরিকল্পনা রয়েছে। সেখানে একটি কারা প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের প্রস্তাবও করা হয়েছে।
বাড়তি চাপ সামলাতে নিয়োগ দেওয়া হচ্ছে কারারক্ষী : কারারক্ষীর সংকট প্রসঙ্গে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আনোয়ারুল কবির বলেন, সম্প্রতি ৫০০ থেকে ৬০০ জন কারারক্ষী নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা বর্তমানে প্রশিক্ষণ নিচ্ছেন। তিনি জানান, স্বাভাবিক অবসর গ্রহণের নিয়ম অনুযায়ী কর্মীরা অবসরে যাওয়ায় জনবল সংকট তৈরি হয়। তাই শূন্য পদ পূরণে নতুন করে নিয়োগ দেওয়া হবে। কারাগারব্যবস্থার জনবল সংকট মোকাবিলায় নিয়োগ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মানবাধিকার লঙ্ঘন হিসেবে দেখছেন মানবাধিকারকর্মীরা : মানবাধিকার সংগঠন হিউম্যানিস্ট সোসাইটির সভাপতি ও বিশিষ্ট গবেষক ড. মোহাম্মদ সেলিম রেজা বলেন, কারাগারের প্রকৃত ধারণক্ষমতার চেয়ে বেশি বন্দি রাখা গুরুতর মানবাধিকার লঙ্ঘন। তিনি বলেন, “পর্যাপ্ত জায়গার অভাবে বন্দিরা স্বাভাবিক জীবনযাপন, ঘুম ও বিশ্রামের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।” তিনি পর্যবেক্ষণ করে বলেন, বিভিন্ন সময়ে রাজনৈতিক নেতারা কারাগার পরিদর্শন করেন এবং সেখানকার পরিস্থিতি সরাসরি দেখেন। কিন্তু ক্ষমতায় থাকাকালে কারাগারব্যবস্থার সংস্কারে কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হন তাঁরা। এমনকি সরকার পরিবর্তন হলেও কারাগারের মৌলিক সমস্যাগুলোর সমাধান হয় না। তিনি জোর দিয়ে বলেন, ঘুমানো, শোয়া ও বিশ্রামের জন্য পর্যাপ্ত জায়গা পাওয়া মানুষের মৌলিক অধিকার। তিনি আরও বলেন, “অতিরিক্ত গাদাগাদি করে থাকার কারণে বন্দিদের মধ্যে বিভিন্ন ধরনের চর্মরোগ ছড়িয়ে পড়ছে। পাশাপাশি জায়গার অভাব ও পর্যাপ্ত নজরদারি না থাকায় মাদকসহ অন্যান্য অবৈধ দ্রব্য পাচারের সুযোগ তৈরি হচ্ছে। এক কারাগার থেকে অন্য কারাগারে মাদক পাচারের ঘটনাও ঘটছে।”
সরকার পরিবর্তন হলেও কারাগারব্যবস্থার মৌলিক সমস্যাগুলো অমীমাংসিত থেকে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। তাঁর মতে, প্রত্যেক মানুষের পর্যাপ্ত জায়গায় ঘুমানো, শোয়া ও বিশ্রাম নেওয়ার মৌলিক অধিকার রয়েছে। কিন্তু কারাগারে অতিরিক্ত বন্দি থাকায় অনেকেই এসব মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বন্দিদের মৌলিক অধিকার নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে কার্যকর সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ সংস্কারের আওতায় শুধু নতুন কারাগার নির্মাণ নয়, বিদ্যমান কারাগারগুলোর ধারণক্ষমতা বৃদ্ধি এবং সুযোগ-সুবিধার উন্নয়নও নিশ্চিত করতে হবে।
পরি-কন্ঠ/ মুয়াজ