ঢাকার শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘর একসময় ছিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের কাছে অন্যতম আকর্ষণীয় গন্তব্য। কিন্তু গত পাঁচ বছরে দর্শনার্থীর সংখ্যা ক্রমেই কমছে। কর্তৃপক্ষ এখন ৪৬টি গ্যালারির উপস্থাপনা নতুন করে সাজানোর পরিকল্পনা নিয়েছে। প্রশ্ন উঠছে—এই উদ্যোগ কি হারানো আকর্ষণ ফিরিয়ে আনতে পারবে?
বছর দশেক আগেও প্রতিবছর গড়ে ছয় লাখ দর্শনার্থী জাতীয় জাদুঘর পরিদর্শন করতেন। ২০১৮-১৯ সালে এই সংখ্যা ছিল ৬ লাখ ৩০ হাজার ৩৩ জন। পরের বছর তা নেমে আসে ৪ লাখ ১৪ হাজার ৫৮৯ জনে। করোনা মহামারির কারণে ২০২০-২১ সালে দর্শনার্থী কমে দাঁড়ায় মাত্র ১ লাখ ১৪ হাজার ৩০৪ জনে। ২০২২-২৩ সালে সংখ্যাটি বেড়ে ৪ লাখ ৩৪ হাজারে পৌঁছালেও পরের বছর আবার কিছুটা কমে যায়।
জাদুঘরবিশেষজ্ঞদের মতে, বিশেষ কোনো কর্মসূচির অভাবই এর প্রধান কারণ। দিবসভিত্তিক গতানুগতিক আয়োজনগুলো অনেকটাই দায়সারা। তবে জাদুঘর কর্তৃপক্ষ করোনা, রাজনৈতিক অস্থিরতা ও সড়ক অবরোধের মতো কর্মসূচিকে দায়ী করছে।
১৯১৩ সালে প্রতিষ্ঠিত ঢাকা জাদুঘরের শাহবাগে ভবন নির্মাণের মধ্য দিয়ে ১৯৮৩ সালে জাতীয় জাদুঘরের কার্যক্রম শুরু হয়। বর্তমানে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলার মোট ৪৬টি গ্যালারিতে নিদর্শন প্রদর্শিত হচ্ছে।
জাদুঘরের সচিব মো. সাদেকুল ইসলাম ও জনশিক্ষা বিভাগের কিপার আসমা ফেরদৌসী জানান, জাদুঘরে ১ লাখ ১৯ হাজারের বেশি নিদর্শন সংগৃহীত ও সংরক্ষিত আছে। কিন্তু দর্শকদের জন্য প্রদর্শন করা হচ্ছে মাত্র পাঁচ হাজার নিদর্শন।
চারটি বিভাগে এসব নিদর্শন উপস্থাপন করা হয়েছে—প্রাকৃতিক ইতিহাস; জাতিতত্ত্ব ও অলংকরণ শিল্পকলা; ইতিহাস ও ধ্রুপদি শিল্প; এবং সমকালীন শিল্পকলা ও বিশ্বসাহিত্য। শেষ বিভাগে শিল্পাচার্য জয়নুল আবেদিন, কামরুল হাসান, এস এম সুলতান, সফিউদ্দিন আহমদসহ দেশের পথিকৃৎ ও নবীন শিল্পীদের বিপুলসংখ্যক চিত্রকলা ও ভাস্কর্য রয়েছে।
জাতীয় জাদুঘরে রয়েছে বেশ কিছু দুর্লভ নিদর্শন—ষষ্ঠ ও সপ্তম শতকের বিষ্ণু ও বুদ্ধমূর্তি, বিষ্ণুর ১০ অবতারের মধ্যে ৭টি অবতারের মূর্তি (যা অন্যত্র নেই), নবাব সিরাজউদ্দৌলার ব্যবহৃত তরবারি ও গালিচা, প্রাচীন মুদ্রা, দুই লাখ বছরের বেশি পুরোনো গাছের জীবাশ্ম এবং মহান মুক্তিযুদ্ধের গৌরবময় স্মারক।
বাংলাদেশ জাতীয় জাদুঘরের অভ্যন্তর
বিশেষজ্ঞরা বলছেন, একই নিদর্শন দীর্ঘদিন ধরে প্রদর্শন, প্রচারে ঘাটতি এবং পরিচালনার জন্য দক্ষ জনবলের অভাবই জাদুঘরের আকর্ষণ কমার মূল কারণ।
জাতীয় জাদুঘরের কিপার আসমা ফেরদৌসী জানান, সম্প্রতি ২৫ নম্বর গ্যালারি চিনামাটির সামগ্রী দিয়ে এবং ৪৬ নম্বর গ্যালারি পুতুল দিয়ে নতুন করে সাজানো হয়েছে। তবে তিনি স্বীকার করেন, 'জাদুঘর মার্কেটিং'-এ কিছু ঘাটতি আছে।
আইকম (ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়ামস) বাংলাদেশের অনারারি চেয়ারপারসন ও জাতীয় জাদুঘরের সাবেক কিপার জাহাঙ্গীর হোসেন বলেন, জাদুঘরকে আরও আকর্ষণীয় করতে হলে আধুনিকায়ন দরকার। সবচেয়ে জরুরি হলো দক্ষ জনবল গড়ে তোলা—নিদর্শন উপস্থাপনা, সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য বিশেষায়িত জ্ঞান ও অভিজ্ঞতা প্রয়োজন।
জাদুঘর পরিচালনার জন্য ছয়টি বিভাগ থাকলেও দুটি বিভাগে নিয়মিত কিপার আছেন; অন্য চার বিভাগে কিপার আছেন চলতি দায়িত্বে। গত জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে সচিব পদে এসেছেন তিনজন এবং মহাপরিচালক পদে পদায়ন হয়েছে পাঁচজনের। এখনো স্থায়ী মহাপরিচালক নেই; সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফরহাদ সিদ্দিক অতিরিক্ত দায়িত্ব হিসেবে মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন। অধিকাংশ সময় তিনি সচিবালয়ে ব্যস্ত থাকেন। এ পরিস্থিতিতে জাদুঘরের প্রাত্যহিক দাপ্তরিক কাজ ব্যাহত হচ্ছে এবং সংস্কার বা উন্নয়নমূলক কাজ বিশেষ হচ্ছে না।
শুধু শাহবাগের জাতীয় জাদুঘর নয়, এর অধীনে থাকা আহসান মঞ্জিল জাদুঘর, শহীদ জননী জাহানারা ইমাম স্মৃতি জাদুঘর, স্বাধীনতা জাদুঘর (বর্তমানে বন্ধ), চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর, সিলেটের ওসমানী স্মৃতি জাদুঘর, ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালাসহ অন্যান্য প্রতিষ্ঠানও চলছে গতানুগতিকভাবে।
সম্প্রতি জাদুঘরে সরেজমিনে ঘুরে দেখা গেছে, গ্যালারির আলো থেকে শুরু করে নিদর্শনের পাশের তথ্য, দেশীয় সংগ্রহ ও বিশ্রামের ব্যবস্থা নিয়ে দর্শনার্থীদের নানা অভিযোগ রয়েছে।
অবসরপ্রাপ্ত মেজর ও লেখক ডেল এইচ খান গত অক্টোবরে এআই নির্মিত একটি গেইটের ছবি ফেসবুকে পোস্ট করেন। শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও মালয়েশিয়ার জাতীয় জাদুঘর দেখার অভিজ্ঞতা থেকে তিনি বলেন, "এই এশীয় দেশগুলোর জাতীয় জাদুঘরের প্রবেশপথ দেখলেই বোঝা যায় একটি জাতীয় জাদুঘর, একটি ঐতিহ্যের জায়গা হিসেবে তারা কতটা সিরিয়াস। আমাদের জাতীয় জাদুঘরের প্রবেশপথ এবং ভেতরে যাওয়ার অংশটা কি আদৌ একজন ইতিহাসপ্রেমী বা সাধারণ দর্শককে আকর্ষণ করার মতো?"
তিনি আরও বলেন, "জাতীয় জাদুঘর রক্ষণাবেক্ষণের জন্য সরকার প্রতি বছর তহবিল দেয়। কিন্তু কখনো কি কেউ অডিট করে দেখেছে, এই তহবিল আসলে কোথায় যায়?"
ডেল এইচ খানের সেই পোস্ট জাদুঘরের চোখে পড়ে। গত ৬ নভেম্বর জাদুঘর তাদের ফেসবুক পেজে দর্শনার্থীদের কাছে ভাবনার বর্ণনা, ইলাস্ট্রেশন, অঙ্কন কিংবা এআই দিয়ে বানানো ছবি পাঠানোর আমন্ত্রণ জানায়। প্রশ্ন তোলা হয়—জাতীয় জাদুঘর দেখতে কেমন হওয়া উচিত?
জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব বলেন, "আমরা মজার একটা পোস্ট পেয়েছিলাম, এআই দিয়ে জাদুঘর নিয়ে একজন দর্শনার্থী পছন্দমত গেইট বানালেন। আমরা ভাবলাম শুধু গেইট কেন, গ্যালারিসহ পূর্ণাঙ্গ জাদুঘর আপনারা কীভাবে দেখতে চান জানান।"
"আমরা এখন 'অ্যাকটিভ লিসেনার' হয়ে গেলাম। আমরা কান পেতে শুনছি কী কী পরিবর্তন হওয়া দরকার। ফলে জাদুঘরের প্রতি দর্শনার্থীদের ওনারশিপ বৃদ্ধি পাচ্ছে এবং আমরাও শিখতে পারছি তাদের চাহিদা ও আকাঙ্ক্ষা নিয়ে," যোগ করেন তিনি।
জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, আধুনিকায়নের জন্য নতুন উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ৪৬টি গ্যালারির উপস্থাপনা নতুন করে সাজানো হচ্ছে। সব ঠিক চললে আগামী ছয় মাসের মধ্যে গ্যালারিগুলোর উপস্থাপনায় দৃশ্যমান পরিবর্তন আসবে।
আলো কম থাকার অভিযোগ প্রসঙ্গে মহাপরিচালক বলেন, "এখানে প্রফেশনাল গ্যালারির লাইট ব্যবহার করা হয় না। কিন্তু নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে আমরা আধুনিক আলোর ব্যবহার শুরু করেছি। ধাপে ধাপে প্রত্যেকটা তলায়ই হবে।"
নিদর্শনের পাশে কিউআর কোডের দাবির প্রসঙ্গে তিনি বলেন, "বেশিরভাগ দেশে অডিও গাইড, কিউআর স্ক্যান—এগুলো কমন ব্যাপার। এগুলো সব হবে। সামনের ছয় মাসে আপনারা দ্রুত এই বিষয়গুলো দেখতে পারবেন।"
তিনি জানান, নতুন উপস্থাপনায় বয়ানের টেক্সটের পাশাপাশি ডিজিটাল ডিভাইস গুরুত্ব পাবে। মাল্টিমিডিয়া স্টোরিজ বা মিউজিয়াম এক্সপ্লেইনার সিরিজের মাধ্যমে গল্প বলার চেষ্টা করা হবে।
তবে সীমাবদ্ধতার কথাও স্বীকার করেন তিনি। "আমাদের রিসোর্স সীমাবদ্ধ। বাজেট লাগে, প্রশিক্ষণ লাগে। সাপ্তাহিক ছুটির দিনে মাঝে মাঝে ১০ হাজার দর্শনার্থী আসে। সেই হিসেবে আমরা যথেষ্ট টয়লেট সুবিধা দিতে পারছি না। নানা অভিযোগ আছে, আমরা সেগুলো খতিয়ে দেখে সমাধানের চেষ্টা করছি।"
বাংলাদেশ ছবি: জাতীয় জাদুঘরে সংরক্ষিত ভাষ্কর্য
মহাপরিচালক ওয়াহাব জানান, জাতীয় জাদুঘরের একটি মাস্টার প্ল্যান রয়েছে—বর্তমান ভবন থাকবে, এর সঙ্গে নতুন ভবন হবে। নকশা করা হয়ে গেছে। উন্নয়ন প্রকল্প হিসেবে পাসের জন্য মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। সেখানে এক্সপেরিমেন্টাল গ্যালারি, কিউরেটর থাকবে, নতুন গ্যালারি পাওয়া যাবে, জায়গা বাড়বে। আগামী বছরের কোনো একনেক সভায় প্রকল্পটির অনুমোদন পাওয়ার আশা করছেন তিনি।
তিনি জানান, জাদুঘরের এই ভবনটার বয়স ৪৩ বছর। সংগ্রহশালায় ৯৬ হাজারের বেশি সংগ্রহ আছে, যা এখন এক লাখের বেশি ছাড়িয়ে যেতে পারে।
উল্লেখ্য, বর্তমানে জাতীয় জাদুঘরে কোনো কিউরেটর পদ নেই, এখনো ওটা কিপার পদ। অথচ প্রতিটি আধুনিক জাদুঘরে একজন কিউরেটর লাগে। এ বিষয়ে মহাপরিচালক বলেন, "বিভিন্ন বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করছি, তাদের নিয়ে আমরা গবেষণা কমিটি তৈরির মাধ্যমে সমৃদ্ধ হব।"
বিশেষ চাহিদাসম্পন্ন ও শিশুদের জন্য উদ্যোগের কথাও জানান তিনি। "আগামী মাস থেকে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জন্য ফ্যাসিলিটিগুলো উন্নত করব। প্রতি মঙ্গলবারকে আমরা বলি 'চিলড্রেন ডে'—শিশু-কিশোররা বিনামূল্যে জাদুঘর দেখতে পারে এবং তাদের জন্য বিশেষায়িত গাইড থাকে। সামনে সপ্তাহের আরেকটি দিনকে বলব 'ইনক্লুসিভ ডে'।"
১১৩ বছরের পুরোনো এই প্রতিষ্ঠান এখন দর্শকদের মতামতকে গুরুত্ব দিয়ে নিজেকে নতুন করে সাজানোর চেষ্টা করছে। ছয় মাস পরই বোঝা যাবে, এই উদ্যোগ কেবল প্রতিশ্রুতি হয়েই থাকল, নাকি সত্যিই দর্শকদের ফিরিয়ে আনতে সক্ষম হবে।