রাজধানীর চারপাশের নদনদীর দুই তীর থেকে ১০০ মিটারের মধ্যে নতুন কোনো সরকারি বা বেসরকারি অবকাঠামো নির্মাণের অনুমোদন আর দেবে না রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। নদীতীরের ওই এলাকায় নতুন স্থাপনা নির্মাণ বন্ধ করে ইনার সার্কুলার রোড নির্মাণ ও নদীদূষণ প্রতিরোধের পরিকল্পনা রয়েছে সরকারের। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এরই মধ্যে সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে।
জানা গেছে, এতদিন নদীর সীমানা থেকে ৫০ মিটার দূরে অবকাঠামো নির্মাণের সুযোগ ছিল। আর ৫০ থেকে ২৫০ মিটার দূরত্বের মধ্যে স্থাপনা নির্মাণের ক্ষেত্রে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অনাপত্তিপত্র রাজউকে জমা দিতে হতো। নতুন সিদ্ধান্তে নদীতীরের ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণের অনুমোদন বন্ধ করা হয়েছে। তবে ওই এলাকায় আগে নির্মিত ভবনগুলোর বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হবে, তা এখনো স্পষ্ট করা হয়নি।
এ বিষয়ে নগর পরিকল্পনাবিদ ও বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাবেক সাধারণ সম্পাদক শেখ মেহেদী আহসান বলেন, আগে নদীর সীমানা থেকে ৫০ মিটারের মধ্যে অবকাঠামো নির্মাণের সুযোগ ছিল না। অথচ ওই সীমার মধ্যেই অনেক অবকাঠামো গড়ে উঠেছে। এমনকি নদীর জায়গাও দখল করে স্থাপনা নির্মাণ করা হয়েছে, যেগুলো অপসারণ করা যায়নি। এখন ১০০ মিটারের মধ্যে আগে নির্মিত ভবনগুলোর কী হবে, তা নিয়েও প্রশ্ন রয়েছে। সিদ্ধান্তটি বাস্তবায়ন করা গেলে ভালো হবে, তবে সরকার তা বাস্তবায়ন করতে পারবে কি না, সে বিষয়ে সংশয় রয়েছে তাঁর।
রাজউকের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী নদীর সীমানা থেকে ১০০ মিটারের মধ্যে নকশা অনুমোদন বন্ধ করা হয়েছে। অনুমোদন ছাড়া অবকাঠামো নির্মাণ করলে সংশ্লিষ্ট সংস্থাগুলো পানি ও বিদ্যুতের সংযোগ দেবে না। এ ছাড়া রাজউক নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে। তবে আগে নির্মিত ভবনগুলোর বিষয়ে এখনো সরকারের সিদ্ধান্ত পাওয়া যায়নি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভার কার্যবিবরণী অনুযায়ী, গত ৪ অক্টোবর ঢাকার চারপাশের নদনদী ও তৎসংলগ্ন খাল-ড্রেনের দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনা, নদীর নাব্য নিশ্চিত করা এবং বৃত্তাকার নৌপথের উন্নয়ন নিয়ে কেন্দ্রীয় সেলের সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার। উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।
সভায় নদীর দুই তীরে ১০০ মিটারের মধ্যে নতুন সরকারি ও বেসরকারি অবকাঠামো নির্মাণের অনুমোদন বন্ধের সিদ্ধান্ত হয়। ইনার সার্কুলার রোড নির্মাণ ও নদীদূষণ প্রতিরোধের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউককে সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।