নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, ক্ষতিগ্রস্ত কৃষক ও উপকূলীয় জনগোষ্ঠীর ন্যায্য ক্ষতিপূরণ এবং জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১টায় পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি (ESADS), ক্লিন (CLEAN) এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্টের (BWGED) যৌথ উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়। ‘আইল থেকে আন্তালিয়া’ স্লোগানে আয়োজিত কর্মসূচিতে কৃষক, কিষাণী, ভূমিহীন মানুষ, পরিবেশকর্মী ও মানবাধিকারকর্মীরা অংশ নেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, মহাসচিব মীযানুর রহমান, স্থানীয় কৃষক সেলাইমান হোসেন সুমনসহ সংগঠনের নেতাকর্মীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে কৃষক ও উপকূলীয় জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। লবণাক্ততা, নদীভাঙন, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে কৃষিজমি, বসতভিটা ও জীবিকা হুমকির মুখে পড়ছে। তাই ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।
পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন বলেন, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। সংগঠনটির মহাসচিব মীযানুর রহমান বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় ঋণ নয়, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করা জরুরি।
স্থানীয় কৃষক সেলাইমান হোসেন সুমন বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে কৃষিকাজ কঠিন হয়ে পড়ছে। কৃষকদের টিকিয়ে রাখতে সরকারি সহায়তা ও কার্যকর উদ্যোগ প্রয়োজন।
বক্তারা আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় কৃষক, কিষাণী, ভূমিহীন ও উপকূলীয় জনগোষ্ঠীর মতামতকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি কৃষকবান্ধব নীতি ও পরিবেশসম্মত কৃষিব্যবস্থা গড়ে তোলার দাবি জানান।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা র্যালিতে অংশ নেন। এ সময় জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ন্যায্য ক্ষতিপূরণ এবং কৃষকের অধিকার সুরক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন জোরদার করার আহ্বান জানানো হয়।