গোপালগঞ্জের কাশিয়ানীতে মাছ ধরার জালে আটকা পড়া একটি গড়িয়াল উদ্ধার করে নিরাপদে মধুমতি নদীতে অবমুক্ত করা হয়েছে। বন বিভাগের কর্মকর্তা ও পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির সদস্যদের উপস্থিতিতে প্রাণীটিকে তার প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকার জঙ্গল মকন্দপুর ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিমুল বিশ্বাস নামের এক জেলের মাছ ধরার জালে গড়িয়ালটি আটকা পড়ে। পরে তিনি প্রাণীটিকে উদ্ধার করে নিজের বাড়িতে রাখেন। বিরল এই বন্যপ্রাণী আটকা পড়ার খবর ছড়িয়ে পড়লে সেটিকে এক নজর দেখতে আশপাশের বিভিন্ন এলাকার উৎসুক মানুষ তাঁর বাড়িতে ভিড় করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন গোপালগঞ্জ জেলা বন বিভাগের কর্মকর্তা বিবেক আনন্দ মল্লিক। এ সময় পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির গোপালগঞ্জ জেলা কমিটির সদস্য ও অর্থবিষয়ক সম্পাদক মো. জুয়েল মিয়া, মো. শাহিন মিয়া, মো. গোলাম রসুল এবং মো. উর্মি খানম উপস্থিত ছিলেন। এছাড়া কাশিয়ানী বন বিভাগের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও সেখানে উপস্থিত ছিলেন।
পরে বন বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্ট পরিবেশকর্মীদের পরামর্শ ও তত্ত্বাবধানে, সবার উপস্থিতিতে গড়িয়ালটিকে সতর্কতার সঙ্গে মধুমতি নদীতে অবমুক্ত করা হয়। এর মাধ্যমে প্রাণীটি ফিরে পায় তার স্বাভাবিক বিচরণক্ষেত্র।
পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির সদস্যরা বলেন, প্রকৃতির প্রতিটি প্রাণীই পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নদী ও জলজ বাস্তুতন্ত্রের জীববৈচিত্র্য সংরক্ষণে গড়িয়ালের মতো বন্যপ্রাণী রক্ষা করা অত্যন্ত জরুরি। এ ধরনের প্রাণী কোথাও আটকা পড়লে সেটিকে আঘাত করা বা বিরক্ত না করে দ্রুত বন বিভাগকে খবর দেওয়ার জন্য তারা সবার প্রতি আহ্বান জানান।
তারা আরও বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ শুধু বন বিভাগের দায়িত্ব নয়; এ ক্ষেত্রে সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষা করা সম্ভব।