নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হাতকোপা গ্রামে অবস্থিত আব্দুল মালেক স্মৃতি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের অর্থসহ ক্রেস্ট এবং অন্যান্য শিক্ষার্থীদের উৎসাহিত করতে সম্মাননাসূচক পুরস্কার প্রদান করা হয়।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০০৪ সালে মাত্র ৪৫ জন শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। বর্তমানে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত বিদ্যালয়ে মোট ৩৭০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। এ বছর মেধা তালিকায় স্থান অর্জনসহ বিভিন্ন ক্ষেত্রে মোট ৭৯ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
শিক্ষাক্ষেত্রে বিদ্যালয়ের ধারাবাহিক সাফল্য ও সুনাম অর্জনে শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো. আব্দুল হানিফ প্রধান।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো. আব্দুল হানিফ প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন গণিত শিক্ষক আব্বাস উদ্দিন। সার্বিক সহযোগিতায় ছিলেন সহকারী প্রধান শিক্ষক আবু তাহের রাজু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহজাহান মেম্বার।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আলমগীর হোসেন, সহ-সভাপতি আবু সাঈদ, মো. জাহাঙ্গীর হোসেন ও মফিজুর রহমান সোহেল।
এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবক আফাজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, ৮ নম্বর ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান, কাজী নাদিম, মো. বাবুল মিয়া, মো. মফিজ উদ্দিন মিন্টু, মো. শাহিন মিয়া, মো. রুবেল মিয়া, মো. মনির হোসেন প্রধান, মো. আনিসুর রহমান রনি, হুমায়ুন কবির, মফিজুল ইসলাম নয়নসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, ক্রীড়া ও শিক্ষাবিষয়ক এমন আয়োজন শিক্ষার্থীদের মেধা, মনন ও প্রতিভা বিকাশের পাশাপাশি পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পরি-কন্ঠ/ মুয়াজ