প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬
বর্জ্য ব্যবস্থাপনায় জলবায়ু সম্মেলনের পরীক্ষা
||
জলবায়ু কূটনীতিতে লক্ষ্যের কোনো অভাব নেই। তবে এর বিশ্বাসযোগ্যতা দিন দিন নির্ভর করছে সরকারগুলো এসব লক্ষ্য ঘোষণার পর কী পদক্ষেপ নিচ্ছে, তার ওপর। ৯ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হয়েছে কপ৩১। সম্মেলনটি জলবায়ু-সংক্রান্ত জাতীয় অঙ্গীকার এবং বাস্তব বিনিয়োগ সিদ্ধান্তের মধ্যকার দূরত্বকে সামনে নিয়ে এসেছে। শুধু একটি প্রতিশ্রুতি কোনো কারখানাকে পরিচ্ছন্ন বিদ্যুৎ সংযোগ এনে দিতে পারে না; পৌরসভার অবকাঠামোতে অর্থায়ন করতে পারে না কিংবা রিসাইকেল করা উপকরণের বাজার তৈরি করে দিতে পারে না।
তুর্কি প্রেসিডেন্সির ‘ক্লাইমেট ইমপ্লিমেন্টেশন ব্রিজ’ জাতীয় অগ্রাধিকার, বিনিয়োগের সুযোগ এবং অর্থায়নকারী অংশীদারদের সমন্বয় ঘটিয়ে সেই দূরত্ব দূর করার উদ্যোগ নিয়েছে। এটি কোনো নতুন জলবায়ু তহবিল নয়। এর মূল গুরুত্ব হলো বিদ্যমান মূলধন যেন বিদ্যুৎ নেটওয়ার্ক, শিল্প প্রকল্প এবং স্থানীয় পরিষেবাগুলোতে আরও কার্যকরভাবে পৌঁছায়, তা নিশ্চিত করা। প্রেসিডেন্সির শূন্য বর্জ্য এজেন্ডায় জাতীয় জলবায়ু পরিকল্পনাগুলোতে পরিমাপযোগ্য বর্জ্য-মিথেন লক্ষ্যমাত্রাও অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে গভীরতর সমস্যাটি ভিন্ন কিছু, জলবায়ু কূটনীতি, যা এখনও যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে না। এই সমস্যাটি হলো আমাদের অর্থনীতিতে ব্যবহৃত উপকরণের ভেতরেই নিহিত থাকা নির্গমন।
গৃহস্থালি বর্জ্য ও পুনর্ব্যবহার
জলবায়ুবিষয়ক আলোচনা প্রায়ই নবায়নযোগ্য শক্তি এবং জীবাশ্ম জ্বালানি কেন্দ্র করে আবর্তিত। আবাসন, পরিবহন এবং খাদ্যের চাহিদা মেটাতে অর্থনীতিতে কতখানি কাঁচামাল ব্যবহৃত হচ্ছে, সেদিকে নজর পড়ে কমই। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির ইন্টারন্যাশনাল রিসোর্চ প্যানেল তাদের ‘গ্লোবাল রিসোর্সেস আউটলুক ২০২৪’ প্রতিবেদনে উল্লেখ করেছে, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনের ৫৫ শতাংশেরও বেশির জন্য দায়ী সম্পদ আহরণ ও প্রক্রিয়াজাতকরণ। এর সঙ্গে সম্পর্কিত ভূমির ব্যবহারে পরিবর্তন যোগ করলে এই অংশ ৬০ শতাংশ ছাড়িয়ে যায়। এর মধ্যে খনিজ সম্পদের পাশাপাশি ফসল, কাঠ এবং জ্বালানিও রয়েছে। এই নির্গমনগুলো কিন্তু জ্বালানি খাতের মোট হিসাবের বাইরে কিছু নয়; বরং এগুলো জ্বালানি খাতেরই নির্গমনের অংশ।
বর্জ্য নিজেই একটি জলবায়ুগত সমস্যা; এটি কেবল পরিচ্ছন্নতার বিষয় নয়। জাতিসংঘের গ্লোবাল মিথেন অ্যাসেসমেন্টের তথ্যমতে, মানবসৃষ্ট মোট মিথেন নির্গমনের প্রায় ২০ শতাংশ আসে ময়লার ভাগাড় ও পয়োনিষ্কাশন বর্জ্য থেকে। আবার গ্লোবাল মিথেন ইনিশিয়েটিভের মতে, পৌরসভার কঠিন বর্জ্যের অবদান প্রায় ১১ শতাংশ। তাই খাবার অপচয় রোধ, জৈব বর্জ্য আলাদাভাবে সংগ্রহ এবং নিয়ন্ত্রিত প্রক্রিয়াকরণের প্রভাব কেবল রাস্তাঘাট পরিষ্কার রাখার মধ্যেই সীমাবদ্ধ নয়।
বিজ্ঞান থেকে বাস্তবায়নে
কপ৩১ প্রস্তুতির বেসরকারি অংশীদার হিসেবে জিরো ওয়েস্ট ফাউন্ডেশন সার্কুলারিটির বৈজ্ঞানিক যুক্তিকে কূটনৈতিক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার সঙ্গে যুক্ত করছে। ২০১৭ সালে চালু হওয়া তুরস্কের জিরো ওয়েস্ট প্রজেক্ট ২০২২ সালের জাতিসংঘ প্রস্তাবের মাধ্যমে আন্তর্জাতিক মাত্রা লাভ করে, যা আন্তর্জাতিক জিরো ওয়েস্ট দিবস প্রতিষ্ঠা করেছিল। ফাউন্ডেশনটি তুরস্কের ভেতরে এবং আন্তর্জাতিকভাবে সরকারি প্রতিষ্ঠান, পৌরসভা, গবেষক, ব্যবসায়ী এবং সুশীল সমাজের মধ্যে নিরবচ্ছিন্ন সহযোগিতার মাধ্যমে সেই অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই উদ্যোগটি শিল্প, খাদ্যব্যবস্থা, শহর এবং জনসম্পৃক্ততায় কপ৩১-এর বাস্তবায়ন এজেন্ডা অনুসরণ করে। ইস্তাম্বুল প্ল্যাটফর্ম অন জিরো ওয়েস্ট ফর ক্লাইমেট অ্যাকশন এখন চ্যাম্পিয়নদের ২০২৬ সালের কার্যক্রমে অন্তর্ভুক্ত করেছে, যা ইস্পাত, সিমেন্ট এবং রাসায়নিকের
মতো খাতে সার্কুলারিটিকে শিল্প রূপান্তরের সঙ্গে সমন্বিত করে।
কপ৩১ এজেন্ডা
কপ৩১ শীর্ষ সম্মেলন প্রাঙ্গণে পুনর্ব্যবহারযোগ্য প্যাভিলিয়ন, সরবরাহকারীদের কাছ থেকে পণ্য ফেরত নেওয়ার ব্যবস্থা এবং খাদ্য বর্জ্য প্রতিরোধের উদ্যোগগুলো দৃশ্যমান টেকসই অনুশীলনের উদাহরণ হিসেবে থাকবে। পাশাপাশি স্বাধীনভাবে যাচাইকৃত উপাদানের প্রবাহ সাফল্যকে পরিমাপযোগ্য ও তুলনাযোগ্য করে তুলবে। ভেন্যুর বাইরে, লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় পরিচালিত স্যাটেলাইট বিশ্লেষণ সারা তুরস্কের বর্জ্য স্থানগুলো থেকে প্রধান মিথেন নির্গমন চিহ্নিত করবে, যা লক্ষ্যভিত্তিক উন্নয়নের জন্য তথ্যভিত্তিক প্রমাণ দেবে।
এম. ফেভজি এসেন: জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর; তুরস্কভিত্তিক ডেইলি সাবাহ থেকে সংক্ষেপিত ভাষান্তর ইফতেখারুল ইসলাম
সম্পাদক : ডা. সেলিম রেজা
কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ