প্রিন্ট এর তারিখ : ০৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬
সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে তিন দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান, সচেতনতায় ইউএনওর আহ্বান
নিজস্ব প্রতিবেদক ||
‘পরিষ্কার রাখি নিজ আঙিনা, ডেঙ্গুমুক্ত হোক সোনারগাঁ’—এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডেঙ্গুর বিস্তার রোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে তিন দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে পৌর প্রশাসন।পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দৈলেরবাগ এলাকার বিভিন্ন স্থানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ঝুঁকিপূর্ণ স্থানগুলোকে ডেঙ্গুর রেড জোন হিসেবে চিহ্নিত করে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আজহারুল ইসলাম মান্নান এবং পৌর প্রশাসকের নির্দেশনায় পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী ও স্বেচ্ছাসেবীরা সম্মিলিতভাবে এ কর্মসূচিতে অংশ নেন।কর্মসূচি চলাকালে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা তুলে ধরেন পৌর প্রশাসক ও সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসিফ আল জিনাত। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; এ জন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও পানি জমতে দেওয়া যাবে না। বিশেষ করে মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র পদপ্রার্থী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোশাররফ হোসেন, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল বারিক, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সেন্টু, মো. জাহাঙ্গীর, সাহাদাত হোসেন লিটু, কায়সার আহমেদ, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মো. হোসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।কর্মসূচিতে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে। প্রশাসন, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ মানুষ একযোগে কাজ করলে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ করা সম্ভব।জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তাঁরা।
সম্পাদক : ডা. সেলিম রেজা
কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ