প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬
রূপগঞ্জে ভাড়াবাড়ি ছাড়াকে কেন্দ্র করে নারী ও শিশুর ওপর হামলার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক ||
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভাড়াবাড়ি ছাড়াকে কেন্দ্র করে সোনারগাঁয়ের এক নারী ও তার পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে বাড়িওয়ালার ছেলে ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় নারী ও শিশুসহ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ঋতু আক্তার। এ ঘটনায় তিনি রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, সোনারগাঁ উপজেলার কলতাপাড়া এলাকার বাসিন্দা ঋতু আক্তার প্রায় ছয় মাস আগে রূপগঞ্জের ভোলাব এলাকায় মনির নামে এক ব্যক্তির বাড়িতে স্বামী ও সন্তানদের নিয়ে একটি ফ্ল্যাট ভাড়া নেন। সম্প্রতি সোনারগাঁয়ে নিজেদের বাড়ির কাজ সম্পন্ন হওয়ায় ভাড়াবাসাটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তারা।গত সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় বাড়িভাড়া পরিশোধ করতে বাড়িওয়ালা মনিরের ছেলে মাশরাফির কাছে যান ঋতু আক্তার। এ সময় বাড়িওয়ালা পক্ষ থেকে অতিরিক্ত এক মাসের ভাড়া দাবি করা হলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে দীর্ঘ সময় আটকে রাখার অভিযোগ করেন ভুক্তভোগী।ঋতু আক্তারের অভিযোগ, বিষয়টি নিয়ে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে আসে। তবে তাকে উদ্ধার কিংবা সমস্যার সমাধানে কার্যকর কোনো সহযোগিতা না করেই পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে।পরবর্তীতে সন্তানদের নিয়ে বাড়ি থেকে বের হওয়ার সময় মাশরাফি, তার বাবা মনির, জাহিদুল, মতিনসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজন তার ওপর অতর্কিত হামলা চালান বলে অভিযোগ করেন ঋতু আক্তার। হামলায় তার মাথায় রক্তাক্ত জখমসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। এ সময় তার সঙ্গে থাকা শিশুসন্তানও আহত হয় বলে জানা গেছে।এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ঋতু আক্তার।এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।অভিযুক্ত মনিরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
সম্পাদক : ডা. সেলিম রেজা
কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ