প্রিন্ট এর তারিখ : ৩১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬
দীর্ঘ ভোগান্তির অবসানে সোনারগাঁয়ে দত্তপাড়ার ময়লার ভাগাড় অপসারণ
নিজস্ব প্রতিবেদক ||
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার দত্তপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার ভাগাড়ের কারণে চরম ভোগান্তিতে ছিলেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা। বিশেষ করে সোনারগাঁ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের প্রতিদিন বিদ্যালয়ে যাতায়াতের সময় দুর্গন্ধ, অস্বাস্থ্যকর পরিবেশ ও ময়লার কারণে নানা সমস্যার সম্মুখীন হতে হতো। অবশেষে দীর্ঘদিনের এ দুর্ভোগ লাঘবে ময়লার ভাগাড় অপসারণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের নির্দেশনায়, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।সোনারগাঁ পৌর প্রশাসকের উদ্যোগ ও নির্দেশনায় দত্তপাড়া এলাকার ময়লার ভাগাড় অপসারণ এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন করার কাজ চলছে।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই স্থানে ময়লা-আবর্জনা জমে থাকায় দুর্গন্ধ ও পরিবেশদূষণের সৃষ্টি হয়েছিল। এতে বিদ্যালয়ের ছাত্রীদের পাশাপাশি আশপাশের বাসিন্দা ও পথচারীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হতো। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য বিষয়টি ছিল অত্যন্ত দুর্ভোগের।এ পরিচ্ছন্নতা কার্যক্রমের ফলে দীর্ঘদিনের ভোগান্তি কমবে এবং শিক্ষার্থীসহ এলাকাবাসী স্বস্তি ফিরে পাবেন বলে আশা করা হচ্ছে।এলাকাবাসীর প্রত্যাশা, ময়লার ভাগাড় অপসারণের পাশাপাশি ভবিষ্যতে যেন সেখানে পুনরায় ময়লা ফেলা না হয়, সে বিষয়ে পৌর কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
সম্পাদক : ডা. সেলিম রেজা
কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ