প্রিন্ট এর তারিখ : ১৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬
সব বিকৃত কনটেন্ট মুছে ফেলার কঠোর নির্দেশ নেহার
বিনোদন ডেস্ক ||
অনুমতিহীন বিকৃত এআই ছবি ও ভিডিও মুছে না ফেললে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অভিনেত্রী নেহা শর্মা।অনুমতি ছাড়া নিজস্ব মুখমণ্ডল, ছবি ও শারীরিক অবয়ব ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি বিকৃত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী নেহা শর্মা। শনিবার এক কড়া বার্তায় তিনি সংশ্লিষ্ট নির্মাতা ও ব্যবহারকারীদের এ জাতীয় সমস্ত ডিজিটাল কনটেন্ট অবিলম্বে ইন্টারনেট থেকে অপসারণ করার স্পষ্ট নির্দেশ দিয়েছেন।সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে অভিনেত্রী স্পষ্ট করে জানান, তাঁর ব্যক্তিগত অনুমতি ব্যতীত তাঁর চেহারা বা অবয়ব অনুকরণ করে এআই-নির্মিত কোনো ছবি বা ভিডিও তৈরি, সম্পাদনা ও প্রচার করা সম্পূর্ণ বেআইনি। প্রযুক্তি অপব্যবহারকারীদের প্রতি চূড়ান্ত সতর্কতা জারি করে তিনি বলেন, তাঁর নাম ও সম্মান ক্ষুণ্ণ করতে তৈরি করা কোনো কনটেন্ট তিনি বরদাশত করবেন না। এর আগে সামাজিক মাধ্যমে বিভিন্ন ফেক আইডির মাধ্যমে তাঁর একাধিক সম্পাদিত ভিডিও ছড়িয়ে পড়ে।ডিজিটাল দুনিয়ায় ভুয়া অ্যাকাউন্টের আড়ালে লুকিয়ে সাইবার অপরাধ ঘটানোর প্রবণতা নিয়ে গভীর উদ্বেগ জানান নেহা। তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে উল্লেখ করেন, কোনো এআই টুল বা বেনামি প্রোফাইলের আড়ালে থেকে অপরাধীরা এবার আইনি দায় এড়াতে পারবে না। অনুমতিহীন কনটেন্ট প্রস্তুতকারী, শেয়ারকারী ও প্রচারকারী প্রতিটি ব্যক্তির বিরুদ্ধে সরাসরি মামলা দায়ের করা হবে। অবিলম্বে সমস্ত পোস্ট না মুছলে তিনি আর কোনো অবকাশ দেবেন না।এদিকে সাইবার হয়রানির বিরুদ্ধে এই কঠোর আইনি অবস্থানের পাশাপাশি পেশাগত কাজেও নিয়মিত সময় দিচ্ছেন এই অভিনেত্রী। হরিশ গার্গি পরিচালিত পাঞ্জাবি সিনেমা ‘সঞ্জোগ’-এ অভিনয় নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। চলচ্চিত্রটিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন জ্যাসি গিল ও হ্যাপি রাইকোটি, যা আগামী ২৭ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।পরি-কন্ঠ/মুয়াজ
সম্পাদক : ডা. সেলিম রেজা
কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ