প্রিন্ট এর তারিখ : ১৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬
ডেঙ্গু রোধে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
||
ডেঙ্গু মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে প্রত্যেক নাগরিককে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব নিতে বললেন প্রধানমন্ত্রী।ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং মশার বিস্তার রোধে সরকারি তৎপরতার পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজে বিএনসিসি ও স্কাউট সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের একক চেষ্টায় ডেঙ্গু নির্মূল সম্ভব নয়। রাজধানীসহ সারাদেশে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় প্রতিটি নাগরিককে নিজের ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার অঙ্গীকার করতে হবে।দিনের শুরুতে প্রধানমন্ত্রী রাজধানীর কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেন। সেখানে চিকিৎসাধীন রোগীদের সেবার মান এবং আইসিইউসহ বিভিন্ন বিভাগের কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি। হাসপাতালের সামগ্রিক পরিষ্কার-পরিচ্ছন্নতা ও অব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ করে কর্তৃপক্ষকে সাত কার্যদিবসের মধ্যে পরিস্থিতির উন্নতির আলটিমেটাম দেন। এরপর রাজউক উত্তরা মডেল কলেজে গিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে ডেঙ্গু প্রতিরোধের উপায় নিয়ে সরাসরি মতবিনিময় করেন তিনি।প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ঢাকা শহরের দুই কোটির বেশি মানুষের পরিচ্ছন্নতা নিশ্চিত করা সিটি করপোরেশনের একার পক্ষে সম্ভব নয়। তাই সাধারণ মানুষকে যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। বিএনসিসি ও স্কাউট সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, তরুণ প্রজন্ম যদি নিজের আঙিনা পরিষ্কার রাখার দায়িত্ব নেয়, তবে ডেঙ্গু পরিস্থিতির দ্রুত উন্নতি হবে। প্রতিরোধই ডেঙ্গু লড়াইয়ের সবচেয়ে কার্যকর অস্ত্র বলে তিনি মন্তব্য করেন।আগামী নভেম্বর মাস পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কার কথা জানিয়ে সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রশাসনের কঠোর মনিটরিংয়ের পাশাপাশি নাগরিকদের সচেতনতা বৃদ্ধি পেলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমিয়ে আনা সম্ভব। ডেঙ্গু সংক্রমণ রোধে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে সরকারি মহল। সরকার মাঠপর্যায়ে পরিচ্ছন্নতা অভিযান জোরদার করার পাশাপাশি নিয়মিত কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেছে।পরি-কন্ঠ/মুয়াজ
সম্পাদক : ডা. সেলিম রেজা
কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ