প্রিন্ট এর তারিখ : ০৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬
ফ্যাসিবাদ বিলুপ্ত হলেও জান্নাতবাদ রয়ে গেছে গয়েশ্বর
||
কেরানীগঞ্জের এক অনুষ্ঠানে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও বিগত সরকারের সমালোচনা করলেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়।ফ্যাসিবাদ বিলুপ্ত হলেও রাষ্ট্র ও সমাজ থেকে ' জান্নাতবাদ' এখনো পুরোপুরি দূর হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শনিবার সকালে কেরানীগঞ্জের জিনজিরা পীর মোহাম্মদ পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের এক অনুষ্ঠানে তিনি এই রাজনৈতিক পর্যবেক্ষণ তুলে ধরেন। তিনি বলেন, ফ্যাসিবাদের পতন ঘটলেও এর দোসরদের মানসিকতা এখনো বিদ্যমান রয়েছে যা দেশের প্রকৃত গণতান্ত্রিক উত্তরণের পথে বড় অন্তরায়।বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের আয়োজনে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ সামী উল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায়। এ ছাড়া ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি মো. পাভেল মোল্লাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।গয়েশ্বর চন্দ্র রায় গত সরকারের অর্থনৈতিক নীতিকে হতাশাজনক হিসেবে আখ্যা দিয়ে বলেন, বিগত ১৭ বছরের দুঃশাসনে তারেক রহমানের পরিবারসহ লাখ লাখ নেতাকর্মী গুম ও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তিনি আরও বলেন,৫ আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত এই স্বাধীনতা রক্ষায় আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। রাষ্ট্রকে পুনর্গঠনে উন্নয়নমূলক কাজগুলো ধাপে ধাপে সম্পন্ন করা হবে, তবে অর্থনৈতিক বিপর্যয় কাটিয়ে উঠতে দীর্ঘ সময়ের প্রয়োজন বলে তিনি মত প্রকাশ করেন।অনুষ্ঠানের শেষ পর্যায়ে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ এবং শিক্ষা হলো যেকোনো জাতির মেরুদণ্ড। কোনো প্রতিকূল পরিস্থিতিতেই যেন এই মেরুদণ্ড ভেঙে না পড়ে, সেদিকে অভিভাবকদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। অনুষ্ঠান শেষে মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। এলাকার সার্বিক স্থিতিশীলতা রক্ষা এবং শিক্ষার পরিবেশ উন্নত করতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন তিনি।পরি-কন্ঠ/মুয়াজ
সম্পাদক : ডা. সেলিম রেজা
কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ